মন্ত্রোচ্চারণ, স্তোত্রপাঠ আর ভক্তদের উপস্থিতিতে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর সকালে আয়োজিত এ পূজায় ছয় বছর বয়সী দিয়া তলাপাত্রকে দেবী দুর্গার কুমারী রূপে পূজা করা হয়। পূজায় তার শাস্ত্রীয় নাম রাখা হয় ‘উমা’।
সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। শাস্ত্রীয় বিধি মেনে স্নান করানোর পর দিয়া তলাপাত্রকে লাল শাড়ি ও অলঙ্কারে সাজানো হয়। পায়ে আলতা, গলায় ফুলের মালা এবং হাতে পদ্মফুল দিয়ে তাকে পূজার আসনে অধিষ্ঠিত করা হয়। এরপর মন্ত্র ও স্তোত্রপাঠের মধ্য দিয়ে দেবীর বন্দনা করেন পূজারিরা।
রামকৃষ্ণ সেবাশ্রমে এবার তৃতীয়বারের মতো কুমারী পূজার আয়োজন করা হয়। পূজা দেখতে সকাল থেকেই সেখানে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবের আমেজও ছিল পুরো আয়োজনজুড়ে। সেবাশ্রমের যুগ্ম আহ্বায়ক মলয় চাকী ও অচিন্ত কুমার ঘোষ, সদস্য অলোক পাল, নয়ন কুমার সাহা, রতন সেন, প্রীতিশ কুমার কুণ্ডু ও অরূপ কুমার সাহাসহ পরিচালনা কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হিন্দুধর্মীয় বিশ্বাসে কুমারী পূজার মধ্য দিয়ে নারীর মধ্যে দেবীশক্তির উপস্থিতিকে সম্মান জানানো হয়। মহাষ্টমীর এ আয়োজন ঘিরে সেবাশ্রমে ভক্তদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা ও উৎসাহ।