শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রংপুরে কুমারী পূজাকে ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে নগরীসহ বিভিন্ন এলাকার শত শত হিন্দু ধর্মাবলম্বী মাহিগঞ্জের রামকৃষ্ণ মিশন ও আশ্রমে সমবেত হন।
সকাল সাড়ে ৯টায় দেবী দুর্গার প্রতিমার সামনে সিংহাসনে বসানো হয় বগুড়ার চার বছর তিন মাস বয়সী শিশু অরুন্ধতী বাগচিকে। তাকে দেবীরূপে সাজানো হয়। এক হাতে পদ্মফুল এবং অন্য হাতে আশীর্বাদের ভঙ্গিতে বসে থাকা শিশুকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ঢাকের বাদ্য আর মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। প্রায় এক ঘণ্টা ধরে চলা পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রামকৃষ্ণ মিশনের পূজারি কৃষ্ণ ঝা। এ সময় ভক্তরা কুমারীকে ফুল ও অঞ্জলি নিবেদন করেন এবং প্রণাম করে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
ভক্ত তমা সাহা, মনিষা সরকার ও প্রীতম রায় বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী কন্যার মধ্যে দেবী মহামায়ার পবিত্রতা ও শক্তির প্রতিফলন দেখা যায়। কুমারী পূজার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে নারীর প্রতি শ্রদ্ধা ও মর্যাদাবোধ জাগ্রত করার বার্তাও রয়েছে এ পূজায়।
রামকৃষ্ণ মিশনের সভাপতি ডা. অজয় কুমার রায় বলেন, জীবন্ত কন্যার মধ্যে মহামায়ার শক্তিকে উপলব্ধি করাই কুমারী পূজার তাৎপর্য। প্রতি বছরের মতো এবারও পূজাকে ঘিরে আশ্রমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।