শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি চিঠিতে সফরের সূচি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে। পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়ার কথা রয়েছে তাঁর।
সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এরপর রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। চট্টগ্রাম সফরের আগে প্রধানমন্ত্রীর রংপুর ও রাজশাহী যাওয়ার কর্মসূচিও রয়েছে। সূচি অনুযায়ী, সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। পরে বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। দুর্গাপূজা উপলক্ষে এসব সফরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ই প্রধান কর্মসূচি হিসেবে রাখা হয়েছে।




