জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান—এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশের সরকারপ্রধানের আসন্ন সফরের বিষয়টি জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

দুই দেশের মধ্যে বিদ্যমান অংশীদারত্বকে আরও বিস্তৃত করে নতুন পর্যায়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক সম্মেলন COP31 আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, পরিবেশমন্ত্রী, জলবায়ু বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

বাংলাদেশের জন্য এ সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন, অভিযোজন, ক্ষতিপূরণ এবং প্রযুক্তি সহায়তা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দাবির মধ্যে রয়েছে।প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।