বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। এক বছরের চুক্তিতে গ্রেড-১ পদপর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(১) অনুযায়ী কাজী জেসিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

কাজী জেসিনের জন্ম গাইবান্ধা জেলায়। তিনি যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘টেকসই উন্নয়ন ও লিডারশিপ’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম’ এর একজন ফেলো এবং নিউ মিডিয়া টেকনোলজির ওপর বিশেষ ফেলোশিপ সম্পন্ন করেছেন।
১৯৯৭ সালে লিটল ম্যাগাজিনে প্রবন্ধ লেখার মাধ্যমে তার লেখালেখির জীবন শুরু হয়। তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জোৎস্নামত্ত যাত্রা’ (১৯৯৭) এবং ‘তানানুম তানানুম’ (২০১০)।
পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দেশের শীর্ষস্থানীয় একাধিক স্যাটেলাইট টেলিভিশনে কাজ করেছেন- যার মধ্যে রয়েছে এনটিভি, চ্যানেল ওয়ান, এটিএন বাংলা, একুশে টিভি, বাংলাভিশন এবং যমুনা টিভি। বর্তমানে তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখছেন।