জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আজ শেষ হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে বুধবার মামলাটির ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
প্রসিকিউশন জানিয়েছে, আজ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সমাপনী বক্তব্য দেবেন। এরপর পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা নিজেদের যুক্তি তুলে ধরবেন।
মামলায় এরই মধ্যে বেশ কিছু নতুন কল রেকর্ড আদালতে জমা দিয়েছে প্রসিকিউশন। এর মধ্যে তৎকালীন ডিবিপ্রধান হারুনুর রশিদের একটি ফোনালাপও রয়েছে। ওই কথোপকথনে জুলাই আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের প্রসঙ্গ উঠে এসেছে।
গত ৪ আগস্ট রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুরু করে। প্রথম দিনে মামলার সামগ্রিক পটভূমি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। পরবর্তী কার্যদিবসগুলোতে সাত আসামির বিরুদ্ধে বিভিন্ন তথ্য, নথি, বক্তব্য ও ফোনালাপ আদালতে উপস্থাপন করা হয়।
প্রসিকিউশনের দাবি, জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশনা, উসকানি ও প্ররোচনা দিয়েছেন। আন্দোলনকারীদের প্রতিহত করতে নেতাকর্মীদের মাঠে নামানো, সহিংসতার পরিকল্পনা এবং দমন-পীড়নে ভূমিকা রাখার প্রমাণ হিসেবে বিভিন্ন ফোনালাপ ও অন্যান্য তথ্য উপস্থাপন করা হয়েছে।
মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আসামি রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
সাত আসামিই বর্তমানে পলাতক। গত ২ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।চলতি বছরের ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলায় যুক্তিতর্ক শেষ হচ্ছে আজ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক আজ শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চে
প্রিয় বাংলাদেশজাতীয়


