বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক কার্ডে শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থায় বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি প্ল্যাটফর্মে টিউশন ফিসহ অন্যান্য অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধ আরও সহজ হবে।সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত ব্যয় মেটাতে ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে।

বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডে অর্থ পরিশোধের চাহিদা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ধরনের শিক্ষা-সংক্রান্ত লেনদেনকে আলাদাভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ এগুলো প্রচলিত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার অংশ হিসেবে গণনা করা হবে না।

শিক্ষার্থীর নিজের নামে অথবা তাঁর পড়াশোনার খরচ বহনকারী ব্যক্তির নামে কার্ড ইস্যু করা যাবে। তবে কার্ড ব্যবহারের আগে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।এ ছাড়া কার্ডের মাধ্যমে অর্থ শুধু অনুমোদিত শিক্ষা ব্যয়েই ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের তথ্য পাঠাতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে।