ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই রায়ে আরও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর এই রায় ঘোষণা করেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।
এর আগে ২০ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয়েছিল। নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন গুরুত্বপূর্ণ মামলাগুলো অগ্রাধিকার দিয়ে শুনানির জন্য প্রধান বিচারপতি গত ১০ জুন এই বেঞ্চ গঠন করেন। ১৪ জুন থেকে বেঞ্চটির কার্যক্রম শুরু হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজের কক্ষে ডেকে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা প্রত্যাহারের চাপের কাছে নুসরাত রাজি না হওয়ায় ৬ এপ্রিল তাকে মাদরাসার ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গুরুতর দগ্ধ অবস্থায় নুসরাতকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হয়। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণা করে। ওই রায়ে বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
মৃত্যুদণ্ড কার্যকর করার আগে অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। ২০১৯ সালের ২৯ অক্টোবর নথি হাইকোর্টে পৌঁছায় এবং ডেথ রেফারেন্স হিসেবে মামলাটি ১৪০/১৯ নম্বরে নথিভুক্ত হয়।
আসামিরাও নিজেদের সাজা চ্যালেঞ্জ করে পৃথক আপিল ও জেল আপিল করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার উচ্চ আদালত এ মামলায় রায় ঘোষণা করলেন।
নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, যাবজ্জীবন চারজনের
ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই রায়ে আরও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা
প্রিয় বাংলাদেশজাতীয়


