সাতজন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

তবে নিয়ম অনুযায়ী অবসরে যাওয়া কর্মকর্তারা অবসরজনিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।অবসরে পাঠানো সাত এএসপির মধ্যে রয়েছেন র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলীসহ আরও চারজন।

এ ছাড়া র‍্যাব-২, ঢাকার আরআরএফ ও সিরাজগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তারাও রয়েছেন এই তালিকায়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।