রাজধানীর শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, বুধবার শুভ উদ্বোধনের পর দিন বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সাধারণ জনগণের দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সংস্কৃতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নিদর্শন, দুর্লভ আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও স্মারকসমূহ পরিদর্শনের মাধ্যমে আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাস সম্পর্কে অবহিত হন তিনি।

নিতাই রায় চৌধুরী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক হলো জুলাই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের মহান আত্মত্যাগের স্মারক হিসেবেই এ স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন একাধিক জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। একই সঙ্গে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ গণমানুষের জোরালো অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাসনির্ভর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।