বাংলাদেশে শারদীয় দুর্গাপূজার সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সম্প্রীতির দেশ গড়তে হলে পূজামণ্ডপে যে আন্তরিকতা ও সহাবস্থানের চিত্র দেখা যায়, তা সারা বছর ধরে রাখতে হবে। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দিনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে এবার বর্ণিল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। প্রথমবারের মতো এ উৎসবে অংশ নিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন তিনি।
পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছেন উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, তিনি শুধু হাইকমিশনার হিসেবে নয়, পরিবারের একজন সদস্য হিসেবে এখানে এসেছেন। এ সময় দেশ ও মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন তিনি।
ত্রিবেদী আশা প্রকাশ করেন, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে এবং মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও আন্তরিকতা ভবিষ্যতেও অটুট থাকবে।




