আগস্টের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে- এমন আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, রূপপুর প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে। ফলে প্রকল্পটি দ্রুত চালু করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

ফকির মাহবুব আনাম বলেন, ‘সব ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে পারবো, ইনশাআল্লাহ। এটি অত্যন্ত বড় একটি প্রকল্প। রাশিয়ার বিজ্ঞানীরা আমাদের বিজ্ঞানীদের সঙ্গে দিন-রাত কাজ করছেন।

এখন পর্যন্ত সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আল্লাহ চাইলে আগস্টের শেষেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবো।’ এর আগে পাবনার রূপপুরে গত মে মাসে প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। তিনি জানান, ২০২৮ সাল থেকে প্রকল্পের মূল ঋণ পরিশোধ শুরু হবে। বর্তমানে শুধু সুদ পরিশোধ করা হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করা গুরুত্বপূর্ণ।