পূর্বঘোষণা ছাড়াই চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনের পর চাঁদপুরের সিভিল সার্জন মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সকালে আকস্মিকভাবে ৫০ শয্যার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ছিলেন।পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের সেবাব্যবস্থা ও ব্যবস্থাপনায় বিভিন্ন দুর্বলতা দেখতে পান মন্ত্রী। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে জেলা সিভিল সার্জনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল খাতে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথাও জানান তিনি।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।