আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে ফরম দুটি সংগ্রহ করা হয়।বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন।