ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পাশাপাশি শান্তিতে বসবাস করেন। এই ঐতিহ্য অটুট রেখে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। রবিবার দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্গাপূজার শিক্ষা হলো অন্যায়, জুলুম ও অত্যাচার দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। এই আদর্শ শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, ব্যক্তি ও সামাজিক জীবনেও অনুসরণ করা প্রয়োজন। সাধারণ মানুষের প্রতি অবিচার দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেতনা সবার মধ্যে ধারণ করতে হবে।
ড. আবদুল মঈন খান বলেন, নরসিংদী সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত। বিভিন্ন সময়ে নানা স্থানে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিলেও এ অঞ্চলের মানুষ সম্প্রীতি বজায় রেখেছেন। ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থান ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। সবাইকে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আদর্শ রাষ্ট্রে পরিণত করতে কাজ করতে হবে।
পরে মন্ত্রী পলাশ উপজেলার পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি পলাশকে সুন্দর ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। মন্দির ও এলাকার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। এ সময় বিভিন্ন মন্দিরে নিজস্ব তহবিল থেকে অনুদান দেন এবং হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।