শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের পাশাপাশি শিক্ষার্থীরা প্রকৃত অর্থে মানসম্মত শিক্ষা পাচ্ছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।রোববার দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরিশিরি কালচারাল একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এবতেদায়ি পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি সমমান জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার উন্নয়নের জন্য শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না। শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।তিনি শিক্ষকদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদানের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা বক্তব্য দেন।এবার মোট ৭৬ জন শিক্ষার্থীকে তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।