সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করলে দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।শনিবার দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি কর্মকাণ্ডে অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে সরকারি কাজে হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী এবং তাদের দায়িত্ব জনগণকে সেবা দেওয়া। দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তা বাধার মুখে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা দলীয় অবস্থান বিবেচনায় না এনে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

এ সময় মাদকবিরোধী সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। মাদকমুক্ত সমাজ ছাড়া দেশের উন্নয়ন দীর্ঘস্থায়ী করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে হবে।

অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলি আহমেদ, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।