প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে পর্যটন শিল্পের উন্নয়নের ওপর গুরুত্ব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দর, পর্যটন শিল্প ও ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেছেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখেই কক্সবাজারকে একটি আধুনিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করতে চায় সরকার।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘স্বপ্নচূড়া আবাসিক প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারকে শুধু পর্যটননির্ভর জেলা হিসেবে বিবেচনা করলে হবে না। এ অঞ্চলের সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দর এবং প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।
তিনি বলেন, সমুদ্রভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমি বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনার ক্ষেত্র। এই খাতের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের রাজস্ব আয় বাড়ানো সম্ভব।সালাহউদ্দিন আহমদ জানান, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সমুদ্রসম্পদ আহরণ ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, কক্সবাজারে ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করতে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।মন্ত্রী বলেন, “প্রকৃতি আমাদের যে সম্পদ দিয়েছে, তার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।”তিনি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সময় পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বহুতল ভবন নির্মাণ করলেই পর্যটন শিল্পের উন্নয়ন হবে না। প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পরিকল্পিত রিসোর্ট, বিনোদনকেন্দ্র ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্রসৈকতকে পরিকল্পিতভাবে ব্যবহার করে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে।অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
কক্সবাজারের সমুদ্রসম্পদ, পর্যটন ও ব্লু ইকোনমিকে কাজে লাগাবে সরকার
প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে পর্যটন শিল্পের উন্নয়নের ওপর গুরুত্ব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দর, পর্যটন শিল্প ও ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্ন
প্রিয় বাংলাদেশজাতীয়


