মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।
ইশরাক হোসেন বলেন, দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্য তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান তিনি।
প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান। এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
সম্প্রতি ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তার পদত্যাগের বিষয়টি সামনে আসে।