আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, আবেদনপত্র ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করার শেষ সময় ৭ সেপ্টেম্বর। আবেদনপত্র ইস্যুর শেষ সময় ৯ সেপ্টেম্বর এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ সময় ১০ সেপ্টেম্বর।নির্ধারিত সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে গত সোমবার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে।সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা, নির্বাচনী বিধিমালা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে কাজ করছে।