খাদ্য উৎপাদনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, মানুষের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় নিয়ে কৃষি উৎপাদনের পরিকল্পনা সাজাতে হবে।
শুক্রবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বে খাদ্য সংকটের পাশাপাশি খাদ্যের গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তরুণদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসায় চালের পাশাপাশি শাকসবজি ও ফলমূলের চাহিদাও বাড়ছে। এ পরিস্থিতিতে পুষ্টিসমৃদ্ধ খাদ্যের সরবরাহ বাড়াতে কৃষি উৎপাদনের ধরন ও পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে।
ফসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, অধিক ফলনের আশায় অতিরিক্ত কীটনাশক প্রয়োগ খাদ্যদূষণ বাড়াতে পারে এবং জনস্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এ জন্য কৃষকদের সচেতন করার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। কোন মৌসুমে কী পরিমাণ কৃষিপণ্য উৎপাদন হবে এবং বাজারে তার চাহিদা কতটা, তা নির্ধারণে তথ্যভিত্তিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই করার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।




