শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR), জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তি বিনিময় নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক পারমাণবিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, নিরাপদ ও দায়িত্বশীলভাবে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার দেশের টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছোট আকারের মডুলার পারমাণবিক রিঅ্যাক্টর বা এসএমআর প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বাংলাদেশ।

এসএমআরকে তুলনামূলকভাবে ছোট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসএমআরসহ আধুনিক পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে আগ্রহের কথা জানানো হয়।দুই পক্ষ প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, পারমাণবিক নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভবিষ্যতে জ্বালানি উৎপাদনে বৈচিত্র্য আনতে চাইলে পারমাণবিক শক্তির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও প্রচলিত জ্বালানি ব্যবস্থার মধ্যে ভারসাম্য তৈরি করা গুরুত্বপূর্ণ হবে।