বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করেছেন তিনি।সোমবার বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, গৌরনদী এলাকায় বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। পারস্পরিক ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এই ঐতিহ্যই অনুষ্ঠানের মাধ্যমে আবারও ফুটে উঠেছে।দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা প্রয়োজন। এ জন্য বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ক বজায় রাখা জরুরি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্রে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠান।তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য বিনিয়োগও রয়েছে। এসব কারণে দুই দেশের সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।প্রায় এক ঘণ্টার আন্তঃধর্মীয় সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় নেতা ও স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিরাও বক্তব্য দেন।