দেশে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। আগামী ডিসেম্বরের শুরুতে বা কাছাকাছি সময়ে রাজধানী ঢাকায় এ সম্মেলন হতে পারে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলন আয়োজনের পরিকল্পনা নেওয়া হলেও এখনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন ও প্রস্তুতি শেষে সম্মেলনের সময়সূচি নির্ধারণ করা হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর ঢাকায় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নিয়ে ডিসিদের প্রস্তাব আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে প্রশাসনিক কাজের সমস্যা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনও সম্মেলন আয়োজন করা হলে উপজেলা পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। তবে সম্মেলনের আলোচ্যসূচি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকেরা নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম তদারকি ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। তাদের অধীনে উপজেলা পর্যায়ে এসব দায়িত্ব পালন করেন ইউএনওরা।




