বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ১৭ ও ১৮ জুলাই কক্সবাজার ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সফরকালে তিনি সীমান্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং চলমান কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করেন।


পরিদর্শনকালে মহাপরিচালক বিজিবির চলমান সীমান্ত নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করেন এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি অত্র অঞ্চলের দায়িত্বপালনরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করে তিনি অপারেশনাল কার্যক্রমের আরও উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বিজিবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ইউনিয়ন এবং কাকারা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের জন্য একটি চিকিৎসা সেবামূলক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।  


দেশের সীমান্ত সুরক্ষা এবং জনগণের সেবায় বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মহাপরিচালক সকল সদস্যকে সর্বদা সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল থেকে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে সকল বিজিবি সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।