মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে নতুন একটি গ্যাসবাহী জাহাজ পৌঁছানোর পর দেশে এলএনজি সরবরাহ বাড়তে শুরু করেছে।শনিবার দুপুরে ‘ফ্লেক্স কারেজেস’ নামের জাহাজটি টার্মিনালে ভেড়ে। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যামেরন বন্দর থেকে বাংলাদেশে আসে জাহাজটি।

আরপিজিসিএল সূত্র জানিয়েছে, নতুন এলএনজি টার্মিনালে যুক্ত হওয়ার পর শনিবার রাত থেকেই সরবরাহ আরও বাড়ার কথা। এর আগে টার্মিনালে মজুত থাকা এলএনজি দিয়ে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছিল।

অন্যদিকে মহেশখালীর সামিট গ্রুপের ভাসমান টার্মিনাল থেকেও প্রায় ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার দুপুরে দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে প্রায় ৬৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে।গত ২১ এপ্রিল এক্সিলারেটের টার্মিনালের বয়লারে আগুন লাগার পর এলএনজি সরবরাহে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছিল।