দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন রংপুর বিভাগে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ১০৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন আক্রান্ত হয়েছেন।এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৮১, বরিশালে ৭৫, রাজশাহীতে ৬৫, ময়মনসিংহে ৩৭ এবং সিলেটে ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ২০ হাজার ৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ৬১ জন।অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৬৭ জন।গত বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।