যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করার পরিকল্পনার কথা জানালেন এম রশিদুজ্জামান মিল্লাত দেশের সব শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।তিনি বলেছেন, বেকারত্ব দূর করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম লক্ষ্য।


শুক্রবার (৭ আগস্ট) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা অডিটরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বেকারদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, যাতে তারা পরিবার নিয়ে স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপন করতে পারে।তিনি বলেন, দেশের তরুণ সমাজকে সঠিক পথে রাখতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

এ সময় তিনি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।প্রতিমন্ত্রী বলেন, তরুণরা দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে।তিনি বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করার চেষ্টা করবে।অনুষ্ঠানের আগে তিনি উপজেলা অডিটরিয়াম ভবনের উদ্বোধন করেন। পরে বিভিন্ন তালিকাভুক্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।