রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ নাগরিককে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে সংকট মোকাবিলা করছে। এ পরিস্থিতির স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিশেষ দূত জুলি বিশপ মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতি তুলে ধরে জানান, সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।
বৈঠকে সীমান্ত এলাকায় স্থলমাইন, মানব পাচার ও মাদক পাচারের ঝুঁকি এবং এসবের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকেইসোনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।