চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

মঙ্গলবার নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী এ তথ্য জানান। তিনি বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদ অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। ওই দিনই তিনি শপথ নেন।

ঋণখেলাপির অভিযোগে সরোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন নুরুল আমীন। শুনানি শেষে কমিশন ১৮ জানুয়ারি তাঁর মনোনয়ন বাতিল করে।

এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। পরে ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

জামায়াত প্রার্থী ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন এবং সরোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন করার সুযোগ দেন। তবে তাঁর নির্বাচনী ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর জয়ী হলেও আদালতের নির্দেশের কারণে ফলাফল প্রকাশ করা হয়নি।পরে ১৬ জুন আপিল বিভাগ মামলাটি নিষ্পত্তি করে হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। শুনানি শেষে ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেন।এবার ওই রায়ের বিরুদ্ধেই আপিলের অনুমতি চেয়ে আবেদন করলেন জামায়াত প্রার্থী নুরুল আমীন।