সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে থাকা ব্যক্তিদের সংখ্যা সীমিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় একজন এমপির সঙ্গে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কেউ যেতে পারবেন না।
গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সরকারের সংশ্লিষ্ট সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভা সূত্র জানায়, প্রবেশের অনুমতি দেওয়ার আগে এমপির সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যাচাই করতে হবে। শুধু ব্যক্তিগত কর্মকর্তা বা গাড়িচালক পরিচয় দিলেই সচিবালয়ে প্রবেশ করা যাবে না। নির্ধারিত প্রক্রিয়ায় পরিচয় নিশ্চিত করার পরই তাদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।
সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, অননুমোদিত প্রবেশ ঠেকানো এবং প্রবেশব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ বিধিনিষেধ নির্ধারণ করা হয়েছে।