ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বিআরটিএ। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
শুক্রবার প্রকাশিত জরুরি গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানায়, এত দিন মোটরসাইকেলের পেছনে আরএফআইডি যুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ ডিজিটাল নম্বরপ্লেট ব্যবহারের বিধান ছিল। সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুসারে এবার সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সামনের নম্বরপ্লেট মালিকদের নিজস্ব উদ্যোগে তৈরি করতে হবে। এ ক্ষেত্রে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করা যাবে। প্লেটের রং হবে সাদা, আর বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা বাড়তি সাজসজ্জা রাখা যাবে না।
স্কুটারের জন্য নম্বরপ্লেটের নির্ধারিত মাপ ২০০ বাই ১০০ মিলিমিটার। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে মাপ হবে ২৮৫ বাই ৫০ মিলিমিটার। দুই ধরনের প্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বরপ্লেট লাগাতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করা এবং যানবাহনের নিবন্ধন নম্বর সহজে শনাক্ত করার লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।




