সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে এ সরবরাহ শুরু হয়।সামিটের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার রাত ২টার মধ্যে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে।

গ্যাস সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমতে পারে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নানও সামিটের এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়িয়ে মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছানোর আশা করা হচ্ছে।একই সঙ্গে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান।