জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এদেশের যেকোনো আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুলের সাহিত্য ও চেতনা মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। জীবনভর অন্যায়, বৈষম্য, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন কবি এবং তাঁর লেখার মাধ্যমে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আজও নজরুলের বিপ্লবী বাণী ও কবিতা সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর সাহস জোগায়। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ যখন দিশেহারা হয়, তখন নজরুলের সাহিত্য পথ দেখায়।

জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন নজরুলের সমাধিতে রাজনৈতিক দল, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।