জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কোনো ধরনের বিভাজন তৈরি না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; বরং দীর্ঘদিনের আন্দোলন, নির্যাতন, ত্যাগ ও মানুষের সংগ্রামের সম্মিলিত ফল।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিনের স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত রূপ ছিল জুলাই গণঅভ্যুত্থান। এই অর্জনকে কারও ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি হিসেবে দেখলে এর মূল চেতনা নষ্ট হবে।

তিনি বলেন, “জুলাই কার, জুলাই কার—এ ধরনের বিতর্ক চলতে থাকলে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না। আমাদের এই বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।”স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অনেক জাতি স্বাধীনতা বা অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় সংগ্রাম করেছে। আবার কখনো কখনো অল্প সময়ের মধ্যেই ইতিহাসে বড় পরিবর্তন এসেছে। জুলাই গণঅভ্যুত্থানও বাংলাদেশের ইতিহাসে তেমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সময়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা গুম, হত্যা, হামলা ও মামলার শিকার হয়েছেন। তিনি নিজেও গুম ও গ্রেপ্তারের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এবং এসব ঘটনাকে তৎকালীন শাসনব্যবস্থার দমননীতির উদাহরণ হিসেবে তুলে ধরেন।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনকে শুধু ৩৬ দিনের ঘটনা হিসেবে দেখলে এর পূর্ণ ইতিহাস বোঝা যাবে না। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও মানুষের আত্মত্যাগের ধারাবাহিকতার মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক আন্দোলনের পথ দীর্ঘদিন বন্ধ থাকলে পরিস্থিতি একসময় রক্তাক্ত হয়ে ওঠে। বাংলাদেশের ক্ষেত্রেও দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের কারণে জুলাইয়ের আন্দোলন সহিংস রূপ নেয়।

তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথাও উল্লেখ করেন। তার দাবি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়াও দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন।সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কার্যকর সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি।

তিনি আরও বলেন, গুম প্রতিরোধে পৃথক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের ক্ষতির মাত্রা অনুযায়ী সহায়তার ব্যবস্থা করা হবে। যারা এখনো তালিকাভুক্ত হতে পারেননি, তাদেরও যাচাই-বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ব্যক্তি যেমন মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আসতে পারেন, তেমনি কোনো রাজনৈতিক দলও আইনের ঊর্ধ্বে নয়। তবে কোনো দল নিষিদ্ধের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জুলাই জাদুঘরকে একটি জীবন্ত ইতিহাস হিসেবে সংরক্ষণ করা হয়েছে, যাতে নতুন প্রজন্ম অতীত থেকে শিক্ষা নিতে পারে।বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জুলাইয়ের অর্জন রক্ষা করা এবং এর মূল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এখন সবার দায়িত্ব। এটি কোনো ব্যক্তি বা দলের নয়, বরং বাংলাদেশের মানুষের সম্মিলিত অর্জন।