সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে বিবেচনায় না নিয়ে যোগ্যতা ও পেশাগত সক্ষমতাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং দায়িত্ব পালনের উপযুক্ততাকে গুরুত্ব দিতে হবে।দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে নৌ ও বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিহতদের স্মরণ করেন।পরে বিমান বাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম, এয়ার কমান্ড অপারেশন সেন্টার এবং বিমান বাহিনীর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল কামিকাজি ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটিওএল। প্রধানমন্ত্রী এসব প্রযুক্তিগত সক্ষমতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।নিজস্ব প্রযুক্তিতে আধুনিক উড্ডয়ন ব্যবস্থা তৈরিকে বিমান বাহিনীর গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।