জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে গ্রামীণ কল্যাণ। সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত সংস্থাটি রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে।
পাঁচ অর্থবছরের বকেয়া কর নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধের ধারাবাহিকতায় এ পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি। এর আগে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
গত ১০ অক্টোবর বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। রায়ে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের জন্য এনবিআরকে অবিলম্বে চাহিদাপত্র জারি করার নির্দেশ দেওয়া হয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গ্রামীণ টেলিকমের নামে জমা দেওয়া উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজেদের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না। রায়ে এ ধরনের দাবিকে কর ফাঁকির একটি ধ্রুপদি নজির হিসেবেও উল্লেখ করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের রিট আবেদন খারিজ করে রায় দেন হাইকোর্ট। ওই সিদ্ধান্তের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর এবার আপিল করল প্রতিষ্ঠানটি। আপিলের মধ্য দিয়ে ৬৬৬ কোটি টাকা কর আদায় নিয়ে আইনি বিরোধ নতুন পর্যায়ে পৌঁছেছে। আপিলের পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এ বিষয়ে পরবর্তী আইনি অগ্রগতি।