দুর্গাপূজা ঘিরে দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে ৪৫০ প্লাটুন বিজিবি সদস্য। মাদক ও অবৈধ অস্ত্রের প্রবেশ, অবৈধ অনুপ্রবেশ এবং গুজব ও সাম্প্রদায়িক উসকানি ঠেকাতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা তৎপরতা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি ছড়ানো ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অস্ত্রের প্রবেশ এবং পুশ-ইন ঠেকাতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছে বাহিনীটি।