আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি ইজতেমার তারিখ ঘোষণা করেন।নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে ২০২৭ সালের ৮ জানুয়ারি, শুক্রবার। তিন দিনব্যাপী এই পর্ব শেষ হবে ১০ জানুয়ারি, রোববার।

এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি, শুক্রবার এবং ১৭ জানুয়ারি, রোববার তা শেষ হবে।দুই পর্বের ইজতেমাই গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে ইজতেমায় মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।দুই পক্ষের অংশগ্রহণ আলাদা সময়ে নিশ্চিত করার মাধ্যমে আগামী বছরের বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।