সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, অতীত সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ‘ইএসজি প্ল্যাটফর্ম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিতুমীর বলেন, জুলাই আন্দোলনের আগে শিক্ষিত তরুণদের বড় একটি অংশ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত ছিল। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ মানুষ কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে ছিল। ২০০৮-০৯ সালের পর থেকে বিভিন্ন আন্দোলনে তরুণ ও নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণের পেছনে এসব আর্থসামাজিক বাস্তবতার ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনৈতিক চাপের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, গত আট মাসে সরকারকে অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট যুক্ত হয়ে দেশের জ্বালানি পরিস্থিতিকে আরও কঠিন করেছে।
তিনি জানান, আগামী দিনে ঋণের সুদহার কমানোর পরিকল্পনা রয়েছে। এতে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ অতিরিক্ত সময় পাওয়ার বিষয়ে আলোচনা করছে। উত্তরণ-পরবর্তী প্রস্তুতি জোরদারে প্রয়োজনীয় সময় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।