রাজধানী মস্কোয় আয়োজিত আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম সংগঠক গৌতম কুমার এদবর। ৫ম Rossotrudnichestvo ‘Honest View’ International Media Award 2026-এ তার এই অর্জন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্বকে তুলে ধরেছে।
গত ১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ৮৫টি দেশ থেকে ৮০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে প্রায় ১০০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী চূড়ান্ত পর্বে আমন্ত্রণ পান।
গৌতম কুমার এদবর ‘রূপসী বাংলা ৭১’-এর সম্পাদক এবং অনলাইন জার্নালিস্ট ইউনিটি (OJU)-এর সভাপতি। এবারের আয়োজনে বাংলাদেশের আমন্ত্রিত পাঁচ সাংবাদিকের মধ্যে তিনি সম্মাননা অর্জন করেন।
বাংলাদেশ থেকে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেন ড. মো. আবদুল কাবিল খান। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ‘প্রফেশনাল পারসপেক্টিভ: জঁর জার্নালিজম’ বিভাগে তার প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেইজ’ সেরা নির্বাচিত হয়।
সম্মাননা পাওয়া বাংলাদেশের অন্য সাংবাদিকরা হলেন—আবু সাঈদ নিশান (সময় টেলিভিশন), সঞ্জু রায় (দেশ টিভি) ও মাজহারুল ইসলাম (দ্য সাবটল টাইমস)।
২০২২ সাল থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা Rossotrudnichestvo এই আন্তর্জাতিক পুরস্কার আয়োজন করে আসছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক যোগাযোগে অবদানের স্বীকৃতি হিসেবে বিদেশি সাংবাদিক, লেখক ও কনটেন্ট নির্মাতাদের এ পুরস্কার দেওয়া হয়। এবার ছয়টি বিভাগে মোট ৭০ লাখ রুবল পুরস্কার তহবিল রাখা হয়।
মস্কো সফরে বাংলাদেশি সাংবাদিকরা পাঁচ দিনের কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা রেড স্কয়ার, ভিডিএনএইচ প্রদর্শনী কেন্দ্র, দ্য স্টেট ট্রেটিয়াকভ গ্যালারি ও মোসকিনো ফিল্ম পার্কসহ বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখেন। ট্রেটিয়াকভ গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে একটি তথ্যসমৃদ্ধ উপস্থাপনাও তুলে ধরা হয়।
সফর, আবাসন ও যাতায়াতসহ সংশ্লিষ্ট সব ব্যয় রাশিয়ার আয়োজক কর্তৃপক্ষ বহন করে। এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় Rossotrudnichestvo, ঢাকায় রাশিয়ান দূতাবাস এবং রাশিয়ান কালচারাল সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশি সাংবাদিকরা।
আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশের সাংবাদিকদের কাজ ও অভিজ্ঞতা বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি দুই দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।