ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে চলতি বছর অক্টোবর মাসে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি ও ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়, ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, অক্টোবর মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে নিষ্পত্তিকৃত ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অর্থদণ্ড আদায় করা হয় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা এবং নিলাম-বাজেয়াপ্ত করা হয় ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ। 
এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অক্টোবর মাসে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। এ সময়ে ৫ হাজার ৩৯টি মামলা নিষ্পত্তির পাশাপাশি ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের তাৎক্ষণিক বিচার কার্যক্রমে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি সঞ্চারিত হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।