রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিন ব্যক্তিকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) এবং মো. নুর নবী (৩০)। মামলার বিবরণ অনুযায়ী, গত ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের প্রবেশমুখে, প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 
পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার এজাহারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আব্দুর রহিম ১১ অক্টোবর তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। 
সেদিন আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে শুনানির সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত প্রত্যেক আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করছে পুলিশ।