ঢাকার মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার আট আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই লুৎফর রহমান এ তথ্য জানান।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, মো. শাহ আলম, মো. আতিকুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. নুর আলম, মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মো. সাজ্জাদ হোসেন মিশু।
মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার এসআই মো. আতোয়ার রহমান গত ৪ অক্টোবর আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে প্রায় ২০০ জন সেখানে হামলা চালায়। তারা একটি টিনশেড ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেয়। এ ছাড়া পাকা ভবনের আলট্রাসাউন্ড কক্ষ, টিকাদান কক্ষ ও পরীক্ষাগারসহ পাঁচটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়।
কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা আসবাবপত্র, ওষুধসামগ্রী, আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও আলমারিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। পরে সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় শাহআলী থানায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯৭৪ সাল থেকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দরিদ্র মা ও শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনাসেবা দিয়ে আসছে।
এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিসহ তিনটি কমিটি বিলুপ্ত করা হয় এবং বিভিন্ন সংগঠনের ১৪ নেতাকে বহিষ্কার করে বিএনপি। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।




