ক্যান্সার চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ক্যান্সারের চিকিৎসা শুধু বিভাগীয় শহরকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বাস্থ্যখাতকে জনমুখী করে নতুনভাবে সাজানোর কাজ দ্রুত এগিয়ে চলছে।
আজ সোমবার ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মেডিকেল ফিজিক্স প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাঈদ ফারহাত আনোয়ার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাসেবার ক্ষেত্রে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। তবে চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও উন্নতির সুযোগ রয়েছে। অতীতে অনিয়ম ও লুটপাটের কারণে স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এ খাতকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ওষুধের সরবরাহ বাড়ানো হয়েছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের খাবারের মান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
দেশের চিকিৎসকদের প্রশংসা করে মন্ত্রী বলেন, চিকিৎসকরা দেশের সম্পদ। যেকোনো সংকটে তারা মানুষের সেবায় এগিয়ে আসেন। দিন-রাত পরিশ্রমের পাশাপাশি মানুষের কল্যাণে যেকোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত থাকেন।
অনুষ্ঠানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দীন রুমি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।