প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ বাড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সভাপতি করে ‘প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস’ গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক নোটিফিকেশনে এ তথ্য জানানো হয়েছে।
ককাসের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, নিলোফার চৌধুরী মনি, সেলিনা সুলতানা, নাদিয়া পাঠান পাপন, মোসাঃ নাজমুন নাহার, মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি, মাহাবুবা হাকিম ও তাসমিয়া প্রধান।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আইন ও নীতিগত উদ্যোগ জোরদার করা এ ককাসের অন্যতম লক্ষ্য। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মসূচির বাস্তবায়ন তদারকি, অন্তর্ভুক্তিমূলক বাজেট বরাদ্দ, প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে কাজ করবে ককাসটি।
এ ছাড়া জাতীয় প্রতিবন্ধী আইন ও আন্তর্জাতিক অঙ্গীকারের বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সংসদ সদস্যদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনগুলোর নিয়মিত সংলাপের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ককাসের প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। ককাসের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা দেবে সংসদ সচিবালয়।




