মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে চালু হয়েছে ১০ শয্যাবিশিষ্ট আজেদা মা ও শিশু কল্যাণ হাসপাতাল। বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর সড়কের হুগলীপাড়ায় হাসপাতালটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এজেডএম রেজওয়ানুল হক।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সুস্থ জাতি গঠনের অন্যতম শর্ত। তিনি আশা প্রকাশ করেন, হাসপাতালটি এলাকার অবহেলিত ও নিম্নআয়ের পরিবারগুলোর মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাসপাতালের চেয়ারম্যান তাহসিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পৌরসভার সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক, অধ্যাপক ফয়েজুর রহমান, ইসলাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মোফাক্ষারুল ইসলাম এবং খোলাহাটি নার্সিং কলেজের পরিচালক আবদুর রাজ্জাক প্রামাণিক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কামরুন নাহার কল্পনা।




