দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। 
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০৫ জন, চট্টগ্রামে ২০০ জন, সিলেটে ১২৫ জন, বরিশালে ৯৪ জন, খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৬৫ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহী বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন রোগী ভর্তি হয়েছেন।
 তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন হাসপাতাল ছেড়েছেন। এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ২৪৮ জনের হাম নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে উল্লেখ করা হয়েছে। হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্য পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরছে।