টলিউডে সহকারী পরিচালক দীপঙ্কর সরকারের আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
পরিচালক পথিকৃৎ বসুর একাধিক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন দীপঙ্কর। তার মৃত্যুর খবর পেয়ে বিস্মিত পথিকৃৎ বসুও। বিষয়টি নিয়ে তিনি এখনো বিস্তারিত কিছু জানতে পারেননি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল ডট ইন’-কে পথিকৃৎ বসু জানান, দীপঙ্করের মৃত্যুর খবর পেয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে ফোন ধরেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকায় মন্তব্য করতে চাননি তিনি।
জানা গেছে, কাজের সূত্রে কলকাতায় একাই থাকতেন দীপঙ্কর। পরিবারের সদস্যদের থেকে দূরে থেকে কাজ করতেন তিনি। তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দীপঙ্করের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।