ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যে স্ত্রী রাশমিকা মান্দানার প্রতি নিজের ভালোবাসা ও সমর্থনের কথা প্রকাশ করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। অনলাইনে নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি জানিয়েছেন, বাইরের সমালোচনা তাঁদের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় তাঁর স্ত্রীকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ এবং সবচেয়ে ভালো বন্ধু হিসেবে বর্ণনা করেন।
 তাঁদের নিয়ে উদ্বিগ্ন ব্যক্তিদের উদ্দেশে তিনি জানান, দুজনই ভালো আছেন এবং একসঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন। বিজয়ের বক্তব্যের মূল কথা, চারপাশের মানুষ কিংবা পুরো পৃথিবী তাঁদের বিপক্ষে অবস্থান নিলেও তাঁরা একে অপরের পাশে থাকবেন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বাইরের মানুষের মন্তব্যের চেয়ে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এর আগে অনলাইনে ট্রল ও সমালোচনা নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন রাশমিকা মান্দানাও। 
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি এসব নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ করেন। দুজনের বক্তব্যের পর তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে চলমান আলোচনা নতুন করে সামনে এসেছে। তবে সমালোচনার জবাবে বিজয়ের প্রকাশ্য অবস্থান থেকে স্পষ্ট, স্ত্রী রাশমিকার প্রতি সমর্থন জানাতেই তিনি এই বার্তা দিয়েছেন।